বরগুনার বুক চিরে প্রবাহিত পায়রা ও বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে উপকূলীয় জনপদ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে তালতলী ও বরগুনা সদর উপজেলার একাধিক ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি ও বসতবাড়ি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ বৃদ্ধি পেলে ভাঙন তীব্র রূপ ধারণ করে। মাটির বাঁধ জোড়াতালি দিয়ে টিকে থাকা সম্ভব নয়, প্রয়োজন টেকসই সিসি ব্লক বাঁধ।
পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙনকবলিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

